
নেত্রকোনা প্রতিনিধিঃ কৃষি খাতের টেকসই উন্নয়ন,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে নেত্রকোনায় কৃষকদের নিয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি নেত্রকোনার উপপরিচালক কৃষিবিদ মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখি পোদ্ধারের সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কৃষিবিদ সালমা আক্তার উপপরিচালক,অতিরিক্ত পরিচালকের কার্যালয়,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,ময়মসিংহ অঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী,অত্র প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার বৃষ্টিবিদ ড. মোঃ সালাহাদ্দিন কায়সার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহনুমা নওরীন।
অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজেজুল ইসলাম ফারাস (সুজাত),বিএনপি নেতা,মোঃ জহিরুল হকসহ অন্যরা।
কংগ্রেসে বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি,নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, নিরবচ্ছিন্ন গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, কৃষিকে আরও লাভজনক ও টেকসই খাতে পরিণত করতে সরকার বিভিন্ন যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব কার্যক্রমের সুফল সরাসরি প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমেই দেশের সামগ্রিক কৃষি বিপ্লব ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে ‘বিশ্বব্যাংক’ ও ‘আইএফএডি’ এর যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের জন্য নানামুখী সেবা, কারিগরি প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
পরে অতিথিরা কংগ্রেস প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, ফল ও সবজির প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজিত এই কংগ্রেসে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা,কৃষি বিভাগের মাঠকর্মী,জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিশেষে,প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্টানের সভাপতি।