
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি ও কেন্দুয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মাহবুবুর রহমান খান মহসিন।
এ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে মোটরসাইকেল শোডাউন ও সন্ধ্যায় জনসভা করেন তিনি।
মহসিন কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের মরহুম মোহাম্মদ আলী খানের ছেলে।
মঙ্গলবার বিকেলে সান্দিকোনা খেলার মাঠ থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে সন্ধ্যায় মডেল বাজারে গিয়ে শেষ হয়। শোডাউনে তাঁর নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
পরে মডেল বাজারে আয়োজিত জনসভায় মাহবুবুর রহমান খান মহসিন বলেন, আমি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যেই এই নির্বাচনী শোডাউন দিয়েছি।
২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে মহসিন দাবি করেন, ওই নির্বাচনে তিনি সাত হাজার ভোট পেয়েছিলেন। তবে তিন হাজারের বেশি ভোট পাওয়ার পরও তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তৎকালীন সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের প্রভাবের বিষয়টি উল্লেখ করে মহসিন বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি বঞ্চিত হয়েছেন।
তিনি আরও বলেন, ওই নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। দলীয় আন্দোলন-সংগ্রামেও সামনের সারিতে থেকে ভূমিকা পালন করেছেন। আগামী নির্বাচনে সান্দিকোনা ইউনিয়নের জনগণ তাঁকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে সান্দিকোনা ইউনিয়নকে মাদকমুক্ত করা এবং একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
পাশাপাশি ইউনিয়নের দীর্ঘদিনের বিরোধ, ঝগড়াঝাটি ও মামলা-সংঘাত নিরসনের উদ্যোগ নেওয়া এবং ইউনিয়নবাসীর নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।