
ছাত্র-ছাত্রীর মা-বাবারা
চিন্তা যাদের বেশি,
তারা এবার হতেই পারেন
অনেক অনেক খুশি।
আপনাদেরই চাওয়ার কথা
মাথায় রেখে তাই,
নতুন একটা দারুণ ব্যাবসা
ফেঁদেছি যে ভাই।
আশা করি রাতারাতি
সফল হয়ে যাবো,
একই সাথে আপনাদেরও
ভালোবাসা পাবো।
যারা যারা ছেলেমেয়ের
রেজাল্ট খারাপ হলে-
পায়ে ধোয়া পানি খেতে
বলেন পলে পলে,
তাদের জন্য খুশির খবর
মিষ্টি মধুর বাণী,
নিয়ে এলাম ভালো ছাত্রের
পায়ে ধোয়া পানি।
ছাত্র ভেদে পানির দামটা
একটু বেশি হবে,
এমন খাঁটি পানি বলুন
আছে কি আর ভবে?
চিন্তিত সব অভিভাবক
দাঁত কেলিয়ে হেসে,
বোতল ভরা সেসব পানি
যান নিয়ে যান এসে।
ছিপি খুলে আপনারাই
খাবেন খানিক আগে,
আত্মবিশ্বাস আপনাদেরও
কিছু কিন্তু লাগে।
ইতিকথা নীতিকথা
ছাড়ুন তবে ছাড়ুন,
পায়ে ধোয়া পানি নিয়ে
আত্মবিশ্বাস গড়ুন।।