1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কপ৩১-এ জলবায়ু অর্থায়নের রূপরেখা দিল বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ১১:২৭ am

কপ৩১ সম্মেলনে মঙ্গলবার (১০ নভেম্বর) একটি পার্শ্ব অনুষ্ঠানে বাংলাদেশ এমন জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে, যা হবে পূর্বানুমেয়, অনুদাননির্ভর এবং বৈশ্বিক দক্ষিণের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ জুট প্যাভিলিয়নে অনুষ্ঠিত অধিবেশনটির আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অংশীদারেরা।

অ‌ধি‌বেশ‌নে বক্তারা উল্লেখ করেন, কপ২৯-এ গৃহীত নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্যমাত্রা (এনসিকিউজি) অনুযায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে ২০৩৫ সালের মধ্যে বছরে সর্বনিম্ন ৩০ হাজার কোটি মার্কিন ডলার আসার কথা, যা ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের বৃহত্তর সংগ্রহ-লক্ষ্যের অংশ।

অভিযোজন অর্থায়ন অন্তত তিন গুণ করার কথাও রয়েছে। তাদের উদ্বেগ প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে। ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন চাহিদা বছরে প্রায় ৩০ হাজার ৫০০ কোটি ডলার হলেও সরকারি অর্থায়ন তার প্রায় এক-দশমাংশ। সরকারি অর্থায়ন এখনো প্রশমনের দিকে ঝুঁকে আছে এবং অনুদানের চেয়ে ঋণের ওপর বেশি নির্ভরশীল।

এর ফলে স্বল্পোন্নত দেশ ও ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর অনেকেই ক্রমবর্ধমান ঋণ পরিশোধের চাপে জলবায়ু কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) বাস্তবায়নে আনুমানিক ২৩ হাজার কোটি ডলার প্রয়োজন, যার বড় অংশের আন্তর্জাতিক সহায়তা এখনো অনিশ্চিত।

বাংলাদেশ ও বৈশ্বিক দক্ষিণের অন্যান্য কণ্ঠস্বর জোর দিয়েছে, উন্নত দেশগুলোর নেতৃত্বে সরকারি অর্থায়ন কেন্দ্রীয় ভূমিকায় থাকতে হবে এবং তা মূলত অনুদানভিত্তিক হতে হবে, কারণ বেসরকারি পুঁজি প্রয়োজনীয় মাত্রায় সাড়া দেয়নি।

তারা স্বচ্ছ অর্থায়ন চেয়েছেন, যা দাতাদের অগ্রাধিকারের বদলে জাতীয় পরিকল্পনার সঙ্গে সংগতিপূর্ণ হবে। একই সঙ্গে ঋণ-ত্রাণ ব্যবস্থা ও এসডিআর চ্যানেলিংসহ অনুদান-বহির্ভূত ঋণ থেকে সুস্পষ্ট সরে আসা এবং ৩০ হাজার কোটি ও ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির দাবি জানানো হয়। ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলের জন্যও বিশ্বাসযোগ্য পুনর্ভরণ প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

বক্তারা জোর দিয়ে বলেন, জলবায়ু অর্থায়ন দাতব্য নয়; এটি ঐতিহাসিক দায়িত্ব ও ন্যায্যতার বিষয়, যা অভিন্ন কিন্তু ভিন্নতর দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতার (সিবিডিআর-আরসি) নীতির সঙ্গে সংগতিপূর্ণ।

অনুষ্ঠানে সুষ্ঠু অর্থায়ন কী অর্জন করতে পারে, তার উদাহরণ হিসেবে বাংলাদেশের পাটশিল্পও তুলে ধরা হয়। কার্বন-ঋণাত্মক চাষ, পুনরুজ্জীবনমূলক কৃষি এবং কর্মসংস্থান ও রপ্তানি সুযোগ সৃষ্টিকারী পচনশীল প্লাস্টিক বিকল্প। সরাসরি প্রবেশাধিকার, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা এবং বাণিজ্য-জলবায়ু সমন্বয় বাস্তবায়নের কার্যকর উপায় হিসেবে আলোচিত হয়।

বাংলাদেশ আশা প্রকাশ করেছে, এই মতবিনিময় ২০ নভেম্বর পর্যন্ত চলমান আলোচনায় তার অবস্থানকে আরও জোরদার করবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ