
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্ধারণের জন্য সময়োপযোগী নীতিমালা তৈরির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার (১০ জুন) জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এমএ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম, সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান ও আদিবা আনজুম মিতা বৈঠকে অংশ নেন।
বৈঠকে উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্ধারণের জন্য সময়োপযোগী নীতিমালা তৈরি করার সুপারিশ করা হয়। এছাড়া, কারিগরি শিক্ষা গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারণ করার লক্ষ্যে আধুনিক মানসম্পন্ন কারিকুলাম যথাযথ সম্পাদনের প্রতি সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তির সহায়তা কামনা করে কমিটি।
এসময় জুলাই ২০১৬ থেকে জুন ২০২০ পর্যন্ত ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে সমাপ্ত প্রকল্পের উপর আইএমইডি প্রদত্ত মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী গৃহীত ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মহাপরিচালক, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই