
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলায় ২৮ হাজার টাকার অধিক জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার ডিএনসিসি এলাকার ১ নম্বর অঞ্চলের ১ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ৬ টি মামলায় ২৩ হাজার ১০০ টাকা এবং ৪ নম্বর অঞ্চলের ১২ নম্বর ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ১ টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডিএনসিসির বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস এর বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব্যতীত ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মাস্ক না পড়া এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ৭ টি মামলায় সর্বমোট ২৮ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৭ টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ২৮ হাজার ১০০ টাকা। এ সময় সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়। না হয় কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়।
ভিন্নবার্তা/এমএসআই