
পাওনা মাত্র ২০০ পাওনা টাকার জন্য বাড়ি থেকে ডেকে এনে রাজীব শেখ (২৬) নামে এক ট্রাকচালককে গলা কেটে হত্যা করেছে তারই ভ্যানচালক বন্ধু নাজিম মণ্ডল। পরে পুলিশ অভিযুক্ত নাজিমকে গ্রেপ্তার করেছে।
উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরি। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায়। রোববার নাজিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বন্ধুকে হত্যার কথা স্বীকার করেছেন।
রাজীব শেখ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আনিস শেখের ছেলে। তিনি সাভারে থেকে বাস চালাতেন। অন্যদিকে গ্রেপ্তার নাজিম মণ্ডল রাজবাড়ী জেলার মৃত কাদের মণ্ডলের ছেলে। তিনি সাভারে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ভ্যানচালক হিসেবে কর্মরত।
এর আগে দুই বন্ধু এক সঙ্গে সাভার পৌরসভার ময়লার ট্রাক চালাতেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পাওনা ২০০ টাকার জন্য দুই বন্ধুর মধ্যে বাগবিতণ্ডতার একপর্যায়ে নাজিম ছুরি দিয়ে রাজীবের গলা কেটে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় নিহত রাজীবের বাবা আনিস শেখ বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় নাজিম মণ্ডলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ভিন্নবার্তা/এমএসআই