
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-এর নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে তার দফতর থেকে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে অনেকগুলো ভুয়া আইডি থেকে অনেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।
প্রকৃতপক্ষে তিনি যে ফেসবুক আইডি ব্যবহার করছেন, সেটি ভেরিফাইড ফেসবুক আইডি। ভেরিফাইড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি বা অন্য কোনো কনটেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
ভিন্নবার্তা ডটকম/ এন