
মহামারি করোনাভাইরাসের লাগাম টেনে ধরতে অনেকটা ব্যর্থ যুক্তরাষ্ট্র সরকার। আর তাই করোনা সংক্রমণ রোধে এবার দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। সেই সঙ্গে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপেও না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বলে জানিয়েছে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বাংলাদেশের জন্য লেভেল-৪ ট্রাভেল হেলথ নোটিশ জারি করেছে। সংস্থাটি বলছে, বাংলাদেশে এ মুহূর্তে করোনার সংক্রমণ খুব বেশি ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের লেভেল-৪ নোটিশে একই কারণে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপেও যেতে নিষেধ করেছে।
একই দিন চীন, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় নিজদের নাগরিকদের ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। এ অঞ্চলের এই চারটি দেশকে লেভেল-১ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ৭০৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৭৫ জনের।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৪ হাজার ২১৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৯৬ হাজার ৯২২ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৯৯ হাজার ৩১৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৩৫০ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৪০ লাখ ১৮ হাজার ৪৬৬ জন।
ভিন্নবার্তা ডটকম/ এন