
নানা জটিলতা কাটিয়ে প্রবাসীদের বিশেষ বিদেশ যাত্রায় ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট কিনতে দূর-দূরান্ত থেকে মতিঝিলে বাংলাদেশ বিমান ও কারওয়ানবাজারে সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে ভিড় করেছেন প্রবাসীরা। এদিকে, অনিশ্চয়তা কাটিয়ে বিশেষ ফ্লাইটে কর্মস্থলে ফিরছেন প্রবাসী কর্মীরা। ফ্লাইট চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। কিন্তু করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সামাজিক দূরত্ব না মেনেই চলছে কার্যক্রম। তবে পারিবারিক ভিসার সৌদিগামী ৩২ জন যাত্রীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে।
একদিকে টিকিটের জন্য হাহাকার অন্যদিকে ফ্লাইটের শিডিউল নিয়ে অনিশ্চয়তা? এই দুইয়ে মিলে ভোগান্তি আর দুশ্চিন্তার শেষ নেই।
ভিসা আর আকামার মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরতে হবে কর্মস্থলে। তাই রোববার (১৮ এপ্রিল) সকাল থেকেই মতিঝিল আর কারওয়ান বাজারে বিমান আর সাউদিয়া এয়ালাইন্সের সামনে প্রবাসীদের ভিড় জমে যায়। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের টিকিটও দেয়া হচ্ছিল ঠিকঠাক। কিন্তু তথ্যগত ভুলের কারণে একপর্যায়ে মতিঝিলের বলাকায় বিমানের কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ফেলেন প্রবাসে যাওয়ার যাত্রীরা। এতে আহত হন একজন।
এদিকে, সাউদিয়া এয়ারলাইন্সের টোকেনধারী যাত্রীরা দীর্ঘ প্রতীক্ষার পর হাতে পেয়েছেন টিকিট। তাদের চোখেমুখে ছিল স্বস্তি। সিঙ্গাপুরের যাত্রীরাও নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারবেন বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, বিমানবন্দরেও গতকাল বাতিল হওয়া প্রবাসীদের ফ্লাইটগুলোসহ অন্য ফ্লাইট ছেড়ে যাচ্ছে। বিমানের বাতিল হওয়া রিয়াদের ফ্লাইট মধ্যরাত ৩টায় এবং এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছে। বাংলাদেশ বিমানের গতকালের বাতিল হওয়া দাম্মাম ফ্লাইট দুপুরে যাত্রার কথা রয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। রিয়াদ, দাম্মাম, দুবাই ও মাস্কাটে চারটি ফ্লাইট যাচ্ছে। তবে সিঙ্গাপুরের বাতিল হওয়া বিমানের ফ্লাইটের বিষয়ে এখনো যাত্রীদের কিছুই জানানো হয়নি।
ল্যান্ডিং পারমিশন পেতে বিলম্ব ও যাত্রী স্বল্পতায় ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে বলে জানান শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।
লকডাউনের পর ঘোষণা আসে ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে প্রবাসীরা যেতে পারবেন মধ্যপ্রাচ্যসহ প্রধান ৫টি শ্রমবাজারে। কিন্তু গতকাল ১৪টি ফ্লাইটের মধ্যে ৭টিই বাতিল হয়। এদিকে, সিঙ্গাপুরসহ মধ্যপ্রাচ্যের চারটি দেশে বিশেষ ফ্লাইট চালাতে ১২টি এয়ারলাইন্সকে অনুমতি দেয়া হলেও এখনো অধিকাংশ এয়ারলাইন্স ফ্লাইট চালু করেনি। তাই বিপাকে পড়েছেন সেসব এয়ারলাইন্সের যাত্রীরা।
ভিন্নবার্তা ডটকম/এন