
তাইওয়ানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে বলেছে চীন। দ্বীপ দেশটিতে ওয়াশিংটনের ইস্যু করা নির্দেশিকা নিয়েও অভিযোগ করেছে বেইজিং।
ওই নির্দেশনা অনুসারে তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে আরও মুক্তভাবে আলোচনা করতে পারবেন মার্কিন কর্মকর্তারা। তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে বিবেচনা করে আসছে চীন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
শুক্রবার স্বশাসিত তাইওয়ানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এমন এক সময় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন দ্বীপটিকে ঘিরে চীনা সামরিক তৎপরতা বেড়েছে।
এমনকি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে নিয়মিত চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঘটছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান সাংবাদিকদের বলেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে।
তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে না খেলতে যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়ে চীন বলছে, মার্কিন-তাইওয়ান আনুষ্ঠানিক যোগাযোগ অবিলম্বে বন্ধ করতে হবে।
ঝাও লিজান বলেন, যুক্তরাষ্ট্র যাতে সচেতন এবং যথাযথভাবে বিষয়টি সামলায়। তাইওয়ানের স্বাধীন বাহিনীকে এমন কোনো সংকেত যেন দেওয়া না হয়, যাতে চীন মার্কিন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বহাল থাকে।
উত্তেজনা বৃদ্ধিকে সতর্কতার সঙ্গে বিবেচনা করছে ওয়াশিংটন। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন বলেন, তাইওয়ানের বিরুদ্ধে চীনের আগ্রাসী পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।
ব্লিংকিনের মন্তব্যের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষার আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ১৪০ কোটি চীনা জনগণের বিপক্ষে দাঁড়াবেন না।
ভিন্নবার্তা ডটকম/এন