
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিবের দায়িত্বে থাকা মারুফ কামাল খান সোহেলকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (৫ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।
দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অনীহা এবং নিষ্ক্রিয়তার কারণে মারুফ কামাল খান সোহেলকে অব্যাহতি দেয়া হয়েছে। আমি এই অব্যাহতিপত্র চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পাঠিয়েছি।
এই অব্যাহতির ব্যাপারে সোহেলকে ব্যক্তিগতভাবে জানানো হয়েছে কি-না জানতে চাইলে প্রিন্স বলেন, তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার যে প্রচলিত মুঠোফোন সেটা বন্ধ রয়েছে।
এখন কে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করবেন জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
ভিন্নবার্তা ডটকম/এন