
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ঢাকাবাসীকে ডেঙ্গু রোগের প্রকোপ হতে মুক্তি দিতে এডিস মশা নিয়ন্ত্রণে আগামী পহেলা এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন ।
রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় নগর ভবনে নিয়মিত সাপ্তাহিক মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন মেয়র।
তাপস বলেন, ‘গতবছর আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে সফলতা পেয়েছি। সেই সফলতা ধরে রাখতে এ বছর আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সেজন্য আপনাদেরকে এ বছর আরও বেশি পরিশ্রম করতে হবে এবং ঢাকাবাসীকে ডেঙ্গু রোগের প্রকোপ হতে মুক্তি দিতে তদারকি বাড়াতে হবে। বাড়াতে হবে সমন্বিত সামগ্রিক কার্যক্রমও। পাশাপাশি নগরবাসীকে স্বস্তি দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করতে হবে। তাই ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে আগামী ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করুন।’
ডিএসসিসি মেয়র শেখ তাপস এসময় স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত প্রাক-বর্ষার (প্রি-মনসুন) জরিপ অনুসরণপূর্বক যেসব ওয়ার্ড ও এলাকায় মশার ঘনত্ব বেশি, সেসব এলাকাগুলোকে প্রাধান্য দিয়ে আদালত পরিচালনার নির্দেশ দেন। এছাড়াও ডিএসসিসি মেয়র ব্যক্তিগত স্থাপনা হতে শুরু করে বিভিন্ন সরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদারের নির্দেশ দিয়েছেন।
ঢাকাবাসীকে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে স্বপ্রণোদিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে আপনারা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন। কারণ এই মশার প্রজননস্থল আমাদের সবার নিজ আবাসস্থল ও বসতবাড়ির চারপাশ। তাই নিজেদের আবাসস্থলের পাশাপাশি বাড়ির আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখা জরুরি। একই সঙ্গে কোনো পাত্রে দীর্ঘদিন ধরে যাতে পানি জমে না থাকে, সে বিষয়েও সজাগ থাকতে হবে।
ভিন্নবার্তা/এমএসআই