
জয়নাল আবেদীন হিরো, নীলফামারী : যুবসমাজকে কারিগরী দক্ষতা এবং প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে কর্মোপযোগী করে তোলার লক্ষ্যে একটি টেকনিক্যাল স্কুল চালু করেছে মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। রোববার (২১ মার্চ) সকালে সংস্থার নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরে অবস্থিত কমিউিনিটি বেইজড রিসোর্স সেন্টারে (সিবিআরসি) এই স্কুলের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুরের উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ মোখছেদুল মোমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমএসএস-এর নির্বাহী পরিচালক জনাব মুনাওয়ার রেজা খান। অনুষ্ঠানের সভাপতি জনাব মুনাওয়ার রেজা খান বলেন, আজকের দিনটি আমাদের জন্য খুবই স্মরণীয়। এই টেকনিক্যাল স্কুলের জন্য আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, আজ তার উদ্বোধন হচ্ছে। আমরা আমাদের এই উদ্যোগকে আরও ছড়িয়ে দিতে চাই। সরকারের পাশাপাশি আমরা আমাদের কাজের মাধ্যমে দেশের উন্নয়নে যথাসম্ভব ভূমিকা রাখতে চাই। তিনি বলেন, কারিগরী শিক্ষায় প্রশিক্ষিত ব্যক্তিরা নিজস্ব উদ্যোগ এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে থাকেন। বিদেশেও তারা কাজের সুযোগ পান এবং ভালো আয় উপার্জন করেন। তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাদের ভালোভাবে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ ও উপযোগী হয়ে ওঠার আহবান করেন। প্রধান অতিথি জনাব মোঃ মোখছেদুল মোমিন বলেন, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক সংস্থা সব সময় কাজ করে। তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এর কার্যক্রমের পাশে যথাযথ সহায়তার ভূমিকায় থাকার আশা রাখি। সরকারি পর্যায়ে টেকনিক্যাল স্কুল এবং কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে করে দেশে ও বিদেশে কারিগরি শিক্ষার উপযুক্ত প্রয়োগের মাধ্যমে উন্নয়ন অর্জন সম্ভব। সরকারের পাশাপাশি এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে এগিয়ে আসার জন্য তিনি এমএসএস-কে ধন্যবাদ জানান। এমএসএস টেকনিক্যাল স্কুলে প্রাথমিকভাবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ওয়েব ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। যুবসমাজকে কারিগরী এবং প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী এবং স্বাবলম্বী করে তোলার জন্য এই উদ্যোগ। ভবিষ্যতে এই টেকনিক্যাল স্কুলের কার্যপরিধি আর বিস্তারের পরিকল্পনা রাখে মানবিক সাহায্য সংস্থা। বিভিন্ন ক্যাটাগরি অনুসারে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রনোবেশ চন্দ্র বাগচী, কামারপুকুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার দাস। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মৌসুমী রায়। এমএসএস-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শালোমী সাংমা স্বাগত বক্তব্যে এমএসএস টেকনিক্যাল স্কুলের পরিচয় ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি জানান, এরই মধ্যে প্রথম ব্যাচের সব কয়টি আসনে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন। বিভিন্ন ক্যাটাগরি অনুসারে তাদেরকে বৃত্তিও প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মানবিক সাহায্য সংস্থার জোনাল ম্যানেজার অনিমেশ আচর্য্য ও কামারপুকুর শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী রেয়াজুল ইসলাম। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি ফিতা কেটে স্কুলটির উদ্বোধন করেন।
ভিন্নবার্তা ডটকম/এন