
মুন্সীগঞ্জে র্যাবের হাতে সিরাজদিখান উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ওবায়দুল্লাহ (৪৮) গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় ৮টি মামলা রয়েছে। গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিনে ব্যাপক সহিংসতা ও পুলিশের ওপর হামলা মামলার আসামি তিনি। তার বাড়ি সিরাজদিখান উপজেলার গকুলনগর গ্রামে। তার পিতার নাম আব্দুল হামিদ।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সোয়া ১০টার দিকে কুচিয়া মোড়া কলেজগেট এলাকায় অভিযান চালিয়ে সিরাজদিখান থানার ৮ মামলার আসামি উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি ওবায়দুল্লাকে গ্রেপ্তার করে র্যাব-১১। এ অভিযানের নের্তৃত্ব দেন সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ।
আসামি গত মার্চের ২৮ তারিখে সিরাজদিখান থানাধীন নীমতলার নিকটস্থ বড় শিকারপুর এলাকায় বেআইনিভাবে দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আচমকা পুলিশের ওপর হামলা করেন। এতে সিরাজদিখান থানার অফিসার ইনর্চাজসহ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। এ সময় দোকানপাট ভাঙচুরসহ মালামাল লুট করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজদিখান থানায় হস্তান্তর করা হয়।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ