
ফিনিক্স গ্রুপ ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পপতি দ্বীন মোহাম্মদ আর নেই। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সোমবার রাত ১টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি….রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি ফিনিক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি তার উদ্যোক্তা সক্ষমতা বিকাশ করেছিলেন এবং বৃহত্তম ফিনিক্স গ্রুপ প্রতিষ্ঠা করেন। ফিনিক্স গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ফিনিক্স বীমা সংস্থা লিমিটেড, ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ফিনিক্স স্পিনিং মিলস লিমিটেড ও ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড।
দ্বীন মোহাম্মদ ১৯৩৮ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন। দেশে শিল্পায়নে অগ্রণী ভূমিকা নিতে তিনি সক্ষম হয়েছিলেন।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি দ্বীন মোহাম্মদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনেও জড়িত ছিলেন। তিনি লালবাগ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি, রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি, লালবাগ শাহী মসজিদ ও জামিয়া কুরআনিয়া আরব মাদ্রাসার সাবেক মসজিদ কমিটির সদস্য, ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সাবেক গভর্নিং বডির সদস্য ও ঢাকা ক্লাব লিমিটেডের আজীবন সদস্য।
১৯৯১ সালে তিনি মরহুম মাওলানা আকরাম খা গোল্ড মেডেল (শিল্পায়ন) এবং ১৯৯৯ সালে তিনি জগদীশ চন্দ্র স্বর্ণপদক পান। এছাড়া শিল্প ও বাণিজ্য প্রসারে অসামান্য অবদান রাখায় শিল্পপতি দ্বীন মোহাম্মদ অনেক পদকে ভূষিত হন।
সম্প্রতি ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড আন্তর্জাতিক স্টার অ্যাওয়ার্ড কোয়ালিটিতে (আইএসএকিউ) ভূষিত হয়।
ভিন্নবার্তা ডটকম/এন