
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে দেশে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) লকডাউনের প্রথমদিন কঠোর অবস্থানে ছিল খুলনা প্রশাসন। লকডাউন মনিটরিংয়ে খুলনা জেলাজুড়ে অভিযান পরিচালনা করে ৮৫টি মামলায় ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, খুলনা মহানগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিনব্যাপী মোট আটটি টিম অভিযান পরিচালনা করে। এতে ৩৭ মামলায় ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলাগুলোতে অভিযান পরিচালনা করেন জেলার স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনাররা (ভূমি)। এসব অভিযানে উপজেলায় মোট ৪৮ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার ও এপিবিএনের সদস্যরা। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন