
মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে ধানবোঝাই ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে রৌমারী উপজেলার সায়দাবাদ এলাকায় শিবের ডাঙ্গী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাঁরা হলেন চরলাকান্দা গ্রামের প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪২) এবং তাঁর দুই সন্তান রিশাদ (১২) ও তুবা মনি (৭)। এ ছাড়া নিহত হয়েছেন লিপি বেগমের বোন শরিফা খাতুন (৫০), যিনি কত্তিমারী এলাকার বাদলের স্ত্রী। দুর্ঘটনায় নিহত অটোরিকশাচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে অটোরিকশাটি সড়ক দিয়ে চলাচলের সময় ধানবোঝাই একটি ট্রাকের চাপায় পড়ে। এতে অটোরিকশায় থাকা পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে রৌমারী থানায় নেওয়া হয়েছে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।
একই পরিবারের তিনজনসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।