
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মেয়রের স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে ৭২ ঘণ্টার জন্য লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।
চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মৃত কানন বেগমের ভাই মো. রবিন জানান, তাঁর বোনের শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়েছিল।
এদিকে, ওই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অপর ১২ জনের মধ্যে পৌরসভার এক কর্মকর্তা মনির হোসেনসহ (৫০) দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল রাত ৯টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় কাউন্সিলর ও অন্যদের সঙ্গে নিজ বাড়িতে পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়র আব্দুস সালাম আলোচনায় করছিলেন। এর কিছুক্ষণ পরই বিকট শব্দে বিস্ফোরণের ঘটে। এতে পৌর মেয়রের স্ত্রী কানন বেগম, দুই প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫), আওলাদ (৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. সোহেল এবং যুবলীগ কর্মী তাইজুল (২০), মো. মোশারফ (৬২), মনির হোসেন (৫০), শ্যামল দাশ (৪৫), পান্না (৫০), কালু (৪০), কানন (৪০) ও মহিউদ্দিনসহ ১৩ জন দগ্ধ হয়। ঘটনার পরই ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।
বিস্ফোরণের বিষয়টি নিয়ে রহস্য ও প্রতিপক্ষের পরিকল্পিত হামলা হতে পারে বলে অভিযোগ তোলে আহতদের স্বজনেরা। তবে ঘটনার পর সিআইডির বোমা নিষ্ক্রীয় টিম, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ ঘটনাস্থলের আলামত পরীক্ষার পর বিস্ফোরণটি বাড়ির গ্যাস লাইনের লিকেজ থেকে হয়েছে বলে নিশ্চিত করেন।
ভিন্নবার্তা ডটকম/এন