
ভিন্নবার্তা প্রতিবেদক: ইসলামের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং পুলিশ বাহিনীকে আহত করার ঘটনায় হেফাজত নেতা মামুনুল হক সহ অন্যদের অবিলম্বে গ্রেপ্তার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান ও জাতীয় ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আহবায়ক মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন। অন্যথায় আগামী ৪ এপ্রিল সকাল-সন্ধ্যা হরতাল পালনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
আজ সোমবার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘জাতীয় ওলামা মাশায়েখ ঐক্য পরিষদ’ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুমকি দেন।
এসময় মাওলানা ইসমাইল হোসাইন বলেন, ইসলাম শান্তির ধর্ম। কোন সন্ত্রাস-নৈরাজ্য ইসলাম সমর্থন করে না। বিভিন্ন ইস্যুতে সম্প্রতি হেফাজতে ইসলাম যে সব কর্মকান্ড চালাচ্ছে তা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেন, ইসলামী দলগুলোর দাবি-দাওয়া থাকতেই পারে। কিন্তু সেসব দাবি-দাওয়া আদায়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসুচি পালন করা যেতে পারে। হরতাল-অবরোধের নামে সহিংস কোন কর্মসুচি ইসলামী দলগুলোর পরিহার করা উচিত। ইসলামের নামে রাষ্ট্রের সম্পদ, সরকারি-বেসরকারি গণপরিবহনে অগ্নিসংযোগ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে ব্যবহার করে মসজিদের পবিত্রতা ধ্বংস করার মত কর্মকান্ড থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
ইসমাইল হোসাইন বলেন, দেশের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবের সময় বিএনপি-জামায়াতের মদদপুষ্ট হেফাজতে ইসলাম দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে নাশকতার চেষ্টা করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান এসেছেন আমাদের দেশে। অনেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রেখেছেন। বাংলাদেশের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসায় দেশের উন্নয়নের বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে।
তিনি বলেন, হেফাজতকে লেলিয়ে দিয়ে বিএনপি-জামায়াত সারাদেশে তাণ্ডবের রাজত্ব কায়েম করতে চায়। দেশের উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। তাদের প্রভুদের খুশি করতে চলমান উন্নয়ন কার্যক্রমগুলোকে বাধাগ্রস্ত করাই তাদের লক্ষ্য। কিন্তু তাদের এ দুঃস্বপ্ন দেশের মাটিতে কখনও সফল হবে না। তিনি গত কয়েকদিনের কর্মসুচিতে হেফাজতের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় দু:খ প্রকাশ করে এ ধরণের কোন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সবাইকে সচেষ্ট থাকার আহবান জানান।
জাতীয় ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সদস্য সচিব আল্লামা হাফেজ মাওলানা সোলায়মানের সভাপতিত্বে ও মাওলানা শাহ মো. ওমর ফারুকের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুল আজিজ, আলহাজ মো. হাবিবুল্লাহ রূপগঞ্জী, মাওলানা মো. সানাউল্লাহ নোয়াখালী, মাওলানা হাসানুজ্জামান চিশতী, মাওলানা কবির হোসাইন জিহাদী, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, ক্বারী মো. আলী হায়দার, হাজী আব্দুল মতিন প্রমুখ।#
ভিন্নবার্তা ডটকম/এসএসআই/এন