
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ শিক্ষার্থীর’ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অনলাইনে পরীক্ষার নানা সীমাবদ্ধতার দিক তুলে ধরে এই পদ্ধতির পরিবর্তে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে পরীক্ষা নেওয়ার দাবি জানান। একইসঙ্গে তারা তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমানের মৃত্যুরহস্য উদঘাটন করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়ার গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে আট দিন নিখোঁজ থাকার পর রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালের মর্গে পাওয়া যায় হাফিজুর রহমানের লাশ।
দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর গত বছর ১৮ মার্চ থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরুতে অনলাইনে ক্লাস না নিলেও বন্ধের মেয়াদ দীর্ঘ হলে গত বছর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে। এরই মধ্যে অনেক বিভাগ ও ইনস্টিটিউটে অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে মিডটার্ম পরীক্ষা অনলাইনে নিচ্ছে। তবে কোনো বর্ষেরই চূড়ান্ত পরীক্ষা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে দীর্ঘ মেয়াদি সেশনজটের আশঙ্কা শিক্ষার্থীদের।
সেশনজট নিরসনে সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস মহামারী পরিস্থিতির উন্নতি না হলে জুলাই থেকে চূড়ান্ত পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক পরীক্ষা অনলাইনে নেওয়া হবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, অনলাইনে পরীক্ষা দিতে তাদের অনেকের সীমাবদ্ধতা রয়েছে। অর্থনৈতিক সংকটসহ নানা কারণে মানসিক অশান্তি ও হতাশার মধ্যে আছেন অনেকে।
বায়োকেমেস্ট্রি বিভাগের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, “অনলাইন ক্লাসের নামে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে প্রহসনমূলক আচরণ করেছে। অনলাইনে ক্লাস করতে ডিভাইস ও ডেটাপ্যাক দেওয়ার আশ্বাস দিয়ে, তারা কথা রাখেনি।
“শিক্ষামন্ত্রী বার বার বন্ধের তারিখ পেছাচ্ছেন, কিন্তু দীর্ঘ ১৫ মাসেও শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি মহামারীকালে শিক্ষা কার্যক্রম পরিচালনার কোনো নীতিমালা প্রণয়ন করতে পারেনি। এটা তাদের চরম ব্যর্থতা।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করে তিনি বলেন, “আমাদেরকে দীর্ঘ মেয়াদি সেশনজটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে তাদের সব কার্যক্রম চালিয়ে যাচ্ছে।”
সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী ফাতেমা তাসনিম বলেন, “আমাদের হতাশায় ভুগিয়ে, মানসিক পীড়ন দিয়ে এবং আমাদেন অর্থনৈতিক সংকটে ফেলে আপনারা নীরবে ঘুমিয়ে থাকলে এই বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শিক্ষার্থীদের প্রতি নজর, শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর দিন।”
মানববন্ধনে হাফিজুরের ‘অস্বাভাবিক’ মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, “অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিন, অন্যাথায় আর কোনো শিক্ষার্থীর হাফিজুরের মতো পরিণতি হলে, এর দায়ভার আপনাদেরই নিতে হবে।
“দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার শিক্ষার্থী লাশ হয়ে যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদাসীন। আপনারা যদি শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারেন, তাহলে পদত্যাগ করুন।”
আরবি বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম নাফিজ বলেন, “দোকান-পাট, শপিংমলসহ দেশের সব কিছুই চলছে। গার্মেন্টস কর্মীরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গার্মেন্টস কর্মীদের চেয়েও বেশি স্বাস্থ্য সচেতন। স্বাস্থ্যবিধি মেনে আমরা ক্লাস করতে চাই।”
ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী হৃদয় হোসেন, উর্দু বিভাগের শিক্ষার্থী ইলিয়াস হোসেন প্রমুখ বক্তব্য দেন।
ভিন্নবার্তা ডটকম/এন