
ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে আটটার দিকে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে।
শিবচরের বাংলাবাজার ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে একটি কে-টাইপ ফেরি মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে।বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাবাজার ঘাট সূত্রে আরও জানা গেছে, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূলে আঘাত হানার পূর্বে বুধবার ভোর ৬টা থেকে কর্তৃপক্ষের নির্দেশে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। বুধবার (২৬ মে) বাতাস ও ঢেউয়ের ধাক্কায় শিমুলিয়া ফেরিঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার সকাল থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মানদী উত্তাল হয়ে উঠে। বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাত ৮টার দিকে ফেরিতে যানবাহন লোড করার নির্দেশ দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে সাড়ে আটটার দিকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি শিমুলিয়ার উদ্দেশ্যে বাংলাবাজার ঘাট ছেড়ে যায়।
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সীমিত পরিসরে আমরা ফেরি চালু করেছি। একটি কে-টাইপ ফেরি ঘাট ছেড়ে গেছে। মাঝপদ্মায় পরিস্থিতি স্বাভাবিক থাকলে ফেরি চলাচল করবে।
ভিন্নবার্তা/এমএসআই