
বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে গাজী সাইফুল আলম চৌধুরী (৬২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ডা. গাজী সাইফুল আলম চৌধুরী অসুস্থতা বোধ করলে গত ৫ এপ্রিল পরীক্ষার জন্য নমুনা দেন। ৭ এপ্রিল বুধবার শজিমেকের আরটি পিসিআর ল্যাবে তার রিপোর্ট নেগেটিভ আসে। পরদিন বৃহস্পতিবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে বেলা সাড়ে ১১টার দিকে তাকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। তখন সিটি স্ক্যান করে তার ফুসফুসে মারাত্মক সংক্রমণ দেখা যায়। তাছাড়া তার অক্সিজেনের মাত্রাও কমে যেতে থাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে ডা. গাজী সাইফুল আলম চৌধুরী মারা যান।
শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, এখন এমন অনেক রোগী পাওয়া যাচ্ছে যাদের আরটি-পিসিআর ল্যাবের পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসছে। কিন্তু করোনা নেগেটিভ হলেও তার অবস্থা দ্রুত খারাপ হচ্ছে- এমনকি মৃত্যুও হচ্ছে। এটা আমাদের খুব ভাবিয়ে তুলেছে।
মরহুম গাজী সাইফুল আলম চৌধুরীর চাচাতো ভাই সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী বলেন, শনিবার বাদ আসর গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন