
নেত্রকোনা প্রতিনিধিঃ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ দায়ের করা হয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলায়।
শনিবার বিকেলে নেত্রকোনার পূর্বধলা থানায় এ অভিযোগ দায়ের করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন।
তিনি ধর্মীয় অবমাননা,সাম্প্রদায়িক উস্কানি এবং মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এই সাবেক ভিপি নূরের বিরুদ্ধে।
এ অভিযোগ দায়ের সত্যতা স্বীকার করে পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে হেফাজতে ইসলামের হামলা-ভাংচুর এবং হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের পর ছাত্র অধিকার পরিষদের নেতা সাবেক ভিপি নূর ফেইসবুক লাইভে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধর্ম নিয়ে সমালোচনা করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।
সেই ভিডিও বার্তার ভিত্তিতে দেশের বিভিন্ন জায়গায় নূরের বিরুদ্ধে তার শাস্তির দাবীতে একের পর এক মামলা দায়ের করা হয় ।
নেত্রকোনার পূর্বধলায় অভিযোগ দায়েরকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান রতন নুরের কঠোর শাস্তি ও বিচার দাবি করে তার লিখিত অভিযোগে বলেন, নূর গত ১৪ এপ্রিল সন্ধ্যায় তার ফেইসবুক থেকে লাইভে বলেছেন ‘কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। এদের কোনো ঈমান নাই। নূরের এমন উস্কানিমূলক ও রাষ্ট্র বিরোধী বক্তব্যে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়,সকল ধর্মপ্রাণ মুসলমানের জন্য অবমাননাকর।
ভিন্নবার্তা ডটকম/ এন