
উপজেলা পরিষদের ফুলগাছ খাওয়ার দায়ে ছাগলটিকে পাঁচদিন আটকে রাখা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ হাজার টাকা জরিমানা করা হয় ছাগলের মালিককে। এ টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় ছাগলটিই পাঁচ হাজার টাকায় বিক্রি করে দেন বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন।
সংবাদকর্মীদের কাছে এসব অভিযোগ করেছেন ছাগলটির মালিক সাহারা বেগম। ছাগলটিকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে হাউ মাউ করে কেঁদে ফেলেন সাহারা বেগম। তিনি বলেন, এক বছর আগে ৫ হাজার টাকায় ওই ছাগলটিকে কিনেছিলেন তিনি। যা বর্তমানে ৩ মাসের গর্ভবতী।
ভুক্তভোগী ছাগলের মালিক সাহারা বেগম আরও জানান, তার স্বামী জিল্লুর রহমান সরকারি চাকরিজীবী ছিলেন। চাকরি থেকে অবসরের পর বর্তমান ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন বসবাসরত সাহেরা খাতুন তার সংসার চালাতে মুরগি ও ছাগল পালন করেন।
তিনি জানান, গত ১৭ মে দিনের বেলায় কোনো এক সময় ওই ছাগল উপজেলা পরিষদ চত্বরে ঢুকে ফুল গাছের পাতা খায়। এ ঘটনায় ইউএনও ওই ছাগলটি আটক করে। ছাগলের মালিক অনেক খোঁজাখুঁজির পর দেখতে পান উপজেলা চত্বরের ভেতরে তার ছাগলকে বেঁধে ঘাস খাওয়াচ্ছেন এক আনসার সদস্য। ছাগলের মালিক ছাগল নিতে গেলে তাকে দেওয়া যাবে না বলে জানান ওই আনসার সদস্য। নিরুপায় হয়ে ছাগলের মালিক পাঁচদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ধর্না দেন।
অবশেষে ক্ষিপ্ত হয়ে ইউএনও দুই হাজার টাকা জরিমানা করেন বলে জানান ভুক্তভোগী ওই নারী। এমনকি বলা হয় জরিমানার টাকা দিয়ে যেন ছাগল ছাড়িয়ে নিয়ে যায়।
এদিকে, জরিমানার টাকা জোগাড় করতে না পারায় অবশেষে ইউএনও গত শনিবার (২২ মে) ছাগলটি বিক্রি করে দেন। ছাগলের মালিককে খবর দিয়ে বলা হয়, বাজারে ৫ হাজার টাকায় ছাগলটিকে বিক্রি করা হয়েছে। তিনি যেন এসে জরিমানার ২ হাজার টাকা বাদ দিয়ে বাকি ৩ হাজার টাকা নিয়ে যান।
এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী জানান, গাছপালা খেলে ছাগল আটক করে বিক্রি করা অন্যায় কাজ। এ ঘটনার তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন মুঠোফোনে গণমাধ্যমকে জানান, গাছ খাওয়ার অপরাধে মোবাইল কোর্টের আওতায় এনে মালিকের বিরুদ্ধে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি দাবি করেন, ওই ছাগলটি বিক্রি করা হয়নি বরং একজনের জিম্মায় রাখা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন