
আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী কর্পোরেট করহার কমানোর প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় উভয় ধরনের কোম্পানির কর্পোরেট কর কমছে। কমছে এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট করও।
বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, বর্তমানে বেসরকারি বিনিয়োগ ও জিডিপির অনুপাত ২৩ শতাংশ। সরকার এ অনুপাত বাড়াতে বিভিন্ন কার্যক্রম নিয়েছে। কর্পোরেট করহার কমিয়ে আনলে বেসরকারি বিনিয়োগ ও জিডিপির অনুপাত লক্ষ্যমাত্রা অর্জন করা সহজ হতে পারে। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে ও চলমান করোনা পরিস্থিতিতে কর্পোরেট করহার পুনঃনির্ধারণ সময়ের দাবি। ব্যবসাবান্ধব পরিবেশের সঙ্গে প্রতিযোগিতামূলক করহার বাণিজ্য প্রসার ও শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রেক্ষিতে কর্পোরেট করহার কমানোর প্রস্তাব করেন তিনি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য কর্পোরেট করহার ৩০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যা বর্তমানে রয়েছে ৩২ দশমিক ৫ শতাংশ। একইভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট করহার ২২ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন। যা বর্তমানে ২৫ শতাংশ।
আর এক ব্যক্তির কোম্পানির কর্পোরেট করহার ২৫ শতাংশ করার প্রস্তাব করেছেন। অর্থনীতিকে আরও আকর্ষণীয় করা এবং এক ব্যক্তির কোম্পানির প্রতিষ্ঠা করা উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এ ধরনের কোম্পানির করহার ৩২ দশমিক ৫ শতাংশ।
তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর ৩৭ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত থাকছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর ৪০ শতাংশ বহাল রয়েছে। মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর ৩৭ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত রয়েছে। বিড়ি-সিগারেট-তামাক-গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারি কোম্পানির কর্পোরেট কর ৪৫ শতাংশ অপরিবর্তিত রয়েছে। পুঁজিবাজারে তালিকাভূক্ত মোবাইল ফোন কোম্পানির কর্পোরেট কর ৪০ শতাংশ আর পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন মোবাইল কোম্পানির কর্পোরেট কর ৪৫ শতাংশ রয়েছে।
এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়রিং কলেজ এবং কেবল তথ্য-প্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের কর্পোরেট করহার ১৫ শতাংশ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের করহার আগেও ১৫ শতাংশ ছিল। কিন্তু তা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। এবার বাজেটের মাধ্যমে করা হলো।
করোনার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা কর্পোরেট কর কমিয়ে আনার দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীদের দাবি ২ দশমিক ৫ শতাংশ হারে ধারাবাহিকভাবে তিন অর্থবছর পর্যন্ত কর্পোরেট কর কমানো।
৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধার্য করে আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে ঘাটতি ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ।
ভিন্নবার্তা ডটকম/এন