
খুলনায় ঈদুল আজহার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (১৭ জুন) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মোটরসাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন হাফেজ নুর ইসলাম (৪৫) ও জাহাঙ্গীর আলম (৩৫)। তাদের বাড়ি ডুমুরিয়ার কুলবাড়িয়া গ্রামে।
গুরুতর আহতরা হলেন, রুদ্র (২১), শরিফুল ইসলাম (২২), মারুফ (১৬) ও কুদ্দুস (২৫)।
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা ডা. সুদীপ্ত দেবনাথ হতাহতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
পুলিশ জানায়, চাকুন্দিয়া এলাকায় চুকনগরগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন আহত হয়।
তাদেরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর দুজন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।