
আশুলিয়ার পোশাক কারখানাগুলোর বেশি অংশই ছুটি হয়েছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ঘরমুখো মানুষের জটলার সৃষ্টি হয়েছে।
সঙ্গে বৃষ্টি হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন মানুষজন।
সোমবার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো বাসস্ট্যান্ডে এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে।
দেখা গেছে, কারখানাগুলো ছুটি হওয়ার পর পরই মানুষের শ্রোত নামে সড়কে। কেউ কোলে বাচ্চা, কাধে ব্যাগ নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে আছে পরিবহনের জন্য। কেউবা আবার পরিবহন না পেয়ে রিকশায় করে যাচ্ছেন। মানুষের এমন চাপে সড়কেও যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আশুলিয়ার বাইপাইল ত্রীমোড়, নরশিংহপুর, নবীনগর, শ্রীপুর এলাকায় ঘরমুখো মানুষ পরিবহনের অপেক্ষায় রয়েছেন।
বগুড়া যাবেন মিয়াদের পরিবার। জেএল সোয়েটার নামে এক পোশাক কারখানায় আশুলিয়ার জিরাবোতে কাজ করেন মিয়াদ। কারখানা ছুটি হওয়ার পরেই জিরাবো বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছেন তারা। তিনি বলেন, সোমবার আমাদের কারখানা ছুটি হয়েছে। গত ঈদে বাড়ি যাইনি। এবার কোরবানি দেবো তাই বাড়ি যাচ্ছি পরিবার নিয়ে। আমি সকালে আমার স্ত্রীকে বলে রেখেছিলাম রেডি হয়ে থাকার জন্য। পরে দুপুরে বাসা থেকে বের হয়েছি। রাস্তায় এসে দেখি গাড়ি নেই, শুধু মানুষ আর মানুষ। আমাদের মতো আরও অনেকেই দাঁড়িয়ে আছেন গাড়ির অপেক্ষায়।
নিলিমা নামে এক শ্রমিক হেঁটেই বাইপাইল যাচ্ছেন। বাইপাইল থেকে বাসে করে বাড়ি মধুপুর যাবেন। নিলিমা বলেন, গাড়ি নাই, তাই হেঁটেই যাচ্ছি। কিন্তু, হাঁটতে গিয়েও সমস্যা, রাস্তায় পানি। লোকাল বাস যেগুলোই আসে সব ভরা, ওঠার মতো জায়গা নেই।
একতা পরিবহনের চালক রফিকুল ইসলাম বলেন, রোববার (১৮ জুলাই) এক কারখানার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে শেরপুর যাবো। তাই কারখানার সামনে থেকে শ্রমিকদের তুলে নিয়ে রওনা হয়েছি। আমাদের গাড়ি পুরো লোড আর জায়গা নেই।
জিরাবো ট্রাফিক পুলিশের ইনস্পেক্টর (টি আই) রবিউল ইসলাম বলেন, দুপুরের পর থেকে মানুষের চাপ বেড়েছে। একইসঙ্গে গাড়ির চাপও। আমরা চেষ্টা করেছি সড়ক স্বাভাবিক রাখতে। খুব দ্রুতই সড়কে স্বাভাবিকভাবে গাড়ি চলবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ