
ঈদকে সামনে রেখে ঢাকায় চট্টগ্রাম মহাসড়কে সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ জুলাই) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সড়কে থেমে থেমে চলছে যানবাহন। মহাসড়কে আটকে থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
কাঁচপুর হাইওয়ে পুলিশ জানায়, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে। পাশাপাশি কোরবানির পশুবাহী ও মালবাহি যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। ফলে স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করছে মহাসড়কে। স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ৩২ হাজার থেকে ৩৪ হাজার পর্যন্ত মহাসড়কের ওপর দিয়ে যানবাহন চলাচল করে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৪০-৪৫ হাজার যানবাহন চলাচল করেছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিন দেখা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর, মদনপুর ও মেঘনা সেতু এলাকায় থেমে থেমে যানবাহনগুলো চলতে দেখা গেছে। ধীরগতিতে কিছু দূর এগোতেই যানবাহনগুলোকে আবার থেমে থাকতে হচ্ছে।
চট্টগ্রামগামী পরিবহনের যাত্রী আজিজুল হক জানান, স্বাভাবিক সময়ে ঢাকা থেকে মেঘনা সেতু পর্যন্ত আসতে এক ঘণ্টারও কম সময় লাগে। কিন্তু শনিবার তাঁর আসতে প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে। তিনি বলেন, আমাদের যাত্রীবাহী পরিবহনটি একটু সামনে এগিয়েই গেলেই আটকে পরে কিছু সময় অপেক্ষা করতে হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থেকে গরমে দুর্ভোগে পড়তে হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর টিআই এস এম মেহেদী হাসান জানান, অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ির চাপ প্রচণ্ডভাবে বেড়ে যায়। আমাদের সার্ভিক প্রচেষ্টায় মহাসড়কে পরিবহনগুলোকে চলাচল স্বচল রাখতে চেষ্টা করেছি।
তিনি বলেন, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ৩২ হাজার থেকে ৩৪ হাজার পর্যন্ত মহাসড়কের ওপর দিয়ে যানবাহন চলাচল করে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ৪০-৪৫ হাজার যানবাহন চলাচল করেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ