
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নবগঠিত জাজিরা সেনানিবাসে ২০টি স্থাপনাসহ ঢাকা, বগুড়া, যশোর ও রংপুর সেনানিবাসে অন্যান্য পদবির সৈনিক এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য ৪টি বহুতল বিশিষ্ট আবাসিক কোয়ার্টারের (সেনা নীড়) উদ্বোধন করেছেন।
রবিবার দুপুরে সাভার সেনানিবাস থেকে ভিডিও টেলি-কনফারেন্সের মাধ্যমে আজিজ আহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাবাহিনীর সকল পদবির সদস্যদের জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপসমূহ তুলে ধরেন তিনি।
বক্তব্যের শুরুতেই শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আজিজ আহমেদ। এ সময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন সব বীর মুক্তিযোদ্ধাদের। সেইসঙ্গে পার্বত্য চট্টগ্রামে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদত বরণকারী সকল সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের সার্বিক অগ্রগতির সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ এবং কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। যে কারণে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি পেশাদার বাহিনী হিসেবে দেশের মানুষের আস্থা অর্জনসহ আন্তর্জাতিক পরিমণ্ডলেও সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
এ সময় জেনারেল আজিজ উদ্বোধন হওয়া সকল স্থাপনার নির্মাণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট এরিয়া কমান্ডারসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ সব পদবির সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন