
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য (সরকারদলীয়) জিল্লুল হাকিম দাবি করেছেন, এখন নানাভাবে মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে। তিনি বলেন, ‘এখন মুক্তিযোদ্ধা হওয়া লাগে না। এখন মুক্তিযোদ্ধা নানানভাবে তৈরি হচ্ছে। এই প্রথা বাতিল করতে হবে।’
বৃহস্পতিবার ( ১৭ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন। জিল্লুল হাকিম বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাবের সমর্থন করে সরকারকে ধন্যবাদ জানান।
রাজবাড়ীর পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্বপালনকারী জিল্লুল হাকিম বলেন, ‘বাজেটে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। এই ভাতা বৃদ্ধি অবশ্যই অভিনন্দনযোগ্য। যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে ভাতা বৃদ্ধি করা হোক। ২০ হাজার কেন এই ভাতা আরও বেশি করা হোক। কারণ মুক্তিযোদ্ধারা আর কয়দিন…? এখনই মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া মুশকিল।’
তিনি আরও বলেন, ‘এখন মুক্তিযোদ্ধা নানানভাবে তৈরি হচ্ছে। মুক্তিযোদ্ধা হওয়া লাগে না। আমরা দেখি আমাদের দেশে কোর্টও রায় দিয়ে মুক্তিযোদ্ধা বানাচ্ছেন। আমরা যাচাই-বাছাই কমিটিতে অমুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়েছি। তারা কোর্টে গিয়ে রায় নিয়ে মুক্তিযোদ্ধা হচ্ছেন। মুক্তিযোদ্ধা তো বানানো যায় না। বানানোর প্রথা বাদ দিতে হবে। এটা বাতিল করতে হবে।’
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আরেকটি পদ্মা সেতু নির্মাণের দাবি করে এই সরকারদলীয় এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি যে প্রতিশ্রুতি দেন তা পালন করেন। আশা করব এই সেতু নির্মাণ কাজ দ্রুত শুরু হবে।’
ভিন্নবার্তা ডটকম/এন