
ভিন্নবার্তা প্রতিবেদক: বিএনপি নেতারা অপরাধবোধে ভুগছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের নিখোঁজ এবং ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দলের ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এর আগে রোজার মাসে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আমরা ইফতার করেছি এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। আমরা জানি আপনাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি পূরণ করার কোনো শক্তি আমাদের নেই। সম্ভব না। তো এই পাশে থাকা এটা বড় সাহস যোগায়। সাহস আপনাদেরও যোগায় আমাদেরও যোগায়। আমরা যে উদ্দেশ্যে রাজনীতি করছি, আন্দোলন করছি সংগ্রাম করছি যে কারণে আমাদের ছেলেরা আমাদের মানুষের আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। লক্ষ্য তো একটাই আমাদের গণতান্ত্রিক সমাজব্যবস্থা।
তিনি বলেন, আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের যে অধিকারগুলোকে আজকে আওয়ামী লীগের দানবীয় সরকার ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণভাবে রাষ্ট্রযন্ত্রের দানব শক্তি ব্যবহার করে কেড়ে নিয়েছে, সেই শক্তিকে সরিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার একটা মানুষের সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই এত ত্যাগ এত অশ্রু এত ব্যথা এত বেদনা। আমরা প্রায় প্রত্যেক বছর আপনাদের সামনে আমরা যখন এভাবে উপস্থিত হই নিজেদেরকে মাঝে মাঝে খুব অপরাধী মনে হয়।
বিএনপি মহাসচিব বলেন, অপরাধী মনে হয় যে এখনো পর্যন্ত আমরা অবস্থার পরিবর্তন করতে পারিনি। একটি ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি আমাদের সকল অর্জনগুলোকে ধ্বংস করে দিয়ে আমাদের সকল ভালোলাগাগুলোকে একেবারে ডলে পিষে দিয়ে আমাদের মানুষের প্রতি মানুষের যে ভালবাসা ছিল সেটা নষ্ট করে দিয়ে আমাদের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে একটা দানবীয় শক্তি হয়ে আমাদের উপর তাণ্ডব নৃত্য করছে। এটাই বাস্তবতা।
তিনি বলেন,এই ধরনের অনুষ্ঠান প্রতিবছর আমাদের আবেগ আপ্লুত করে। আমাদের ভারাক্রান্ত করে আমরা যখন আমাদের সামনে এই পরিবারের সদস্যদের দেখতে পাই যারা তাদের সন্তান ভাই অথবা স্বামীর ছবি নিয়ে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বিগত ছয়-সাত বছর ধরেই তিনি এই পরিবারগুলোকে চিহ্নিত করেছেন তাদের তালিকা তৈরি করেছেন এবং আমাদের বিভিন্ন অঙ্গসংগঠনের বিএনপি-নেতৃবৃন্দের সহযোগিতায় বিএনপি তাদের কাছে যত সামান্য কিছুটা ঈদের আগে কিছু উপহার সামগ্রী প্রদান করেছেন।
সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, এত যে মানুষকে প্রাণ দিতে হয়েছে। এত যে তরুণদেরকে চলে যেতে হয়েছে। অবশ্যই এর জবাব দিহি সরকারকে দিতে হবে। আওয়ামী লীগকে দিতে হবে। যারা গুম হয়ে গেছে নিখোঁজ হয়ে আছে তাদের পরিবারের কাছে তাদেরকে জবাব দিতে হবে পুরো জাতির কাছে জবাব দিতে হবে।
তিনি বলেন,আমরা ইতিহাসে দেখেছি বিভিন্ন সময়ে যে সরকার বিচার করে ক্ষমতায় থাকে তাদের এই সমস্ত কৌশল নিতে হয়। ক্ষমতায় টিকে থাকার জন্য। কেননা জনগণের সাথে তাদের কোন সম্পর্ক থাকে না। যেহেতু তারা গণবিচ্ছিন্ন থাকে সেই কারণে তাদেরকে এই অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যা গুম করে তাদেরকে টিকে থাকতে হয়। এটা আজকের বিষয় নয়।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের একটা কথা মনে রাখতে হবে সব সময় আমরা যে লড়াই করছি যে যুদ্ধ করছি যে সংগ্রাম করছি এটা আমরা রাষ্ট্রযন্ত্রের সঙ্গে করছি। রাষ্ট্রযন্ত্র তারা দখল করেছে। এই রাষ্ট্রকে তারা আজকে দখল করে ফেলেছে। প্রশাসন মিডিয়া ইলেকশন কমিশন পার্লামেন্ট সকল কিছুটা দখল করেছে এটাই তাদের চরিত্র। এটা আমাদের ভাঙতে হবে। আমরা যে ইতিহাস আমাদের সেই ইতিহাস বলে আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে অচলায়তনের বিরুদ্ধেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের বাংলাদেশের মানুষ ইতিহাস। অবশ্যই আমরা তাদেরকে পরাজিত করতে সক্ষম হব। আমাদের জাফরান গেছে হারিয়ে গেছে এই রক্তের ধারা কখনো বৃথা যেতে পারে না। আমরা অবশ্যই বিজয়ী হব বিজয়ী হতে হবে।
মির্জা ফখরুল আরো বলেন,বিএনপি বিএনপি’র জন্য সংগ্রাম করছে না। আমরা সংগ্রাম করছি এদেশের মানুষের জন্য। আমার যে গণতন্ত্র হারিয়ে গেছে সেটা কে ফিরিয়ে আনার জন্য। আমরা সংগ্রাম করছি আমাদের অধিকার ফিরিয়ে আনার জন্য।
তিনি বলেন, আজকে দেখুন কি অবস্থা দেশের। আজকে সবচেয়ে বড় দানবীয় একটা শক্তি আরেকটা দানব করোনাভাইরাস গোটা বিশ্বকে গ্রাস করেছে।
এটা ছোটখাটো বিষয় নয়। মানুষ পথ খুঁজে পাচ্ছেনা। বড় বড় বিজ্ঞানীরা চূড়ান্তভাবে বলতে পারছে না কোনটা সঠিক ভ্যাকসিন কোনটা না। আজকে এই সরকার কি করেছে? যেহেতু তাদের জনগণের কাছে জবাবদিহিতা নেই, যেহেতু তাদের কখনোই কোনো জবাব দিতে হয়না কারো কাছে, যেহেতু তাদের জনগণের সাথে কোন সম্পর্ক নেই আজকে তারা গোটা কোভিডকে নিয়ে সরকার ব্যবসা করেছে। জনগণের সমস্যার সমাধান করে নি। আমাদের লোকজনেরা চিকিৎসা পাচ্ছে না। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াচ্ছে একটা আইসিউ পায় না। দেড় বছর ধরে আজকে এই অবস্থা চলছে তারা এদিকে লক্ষ্য রাখে নাই। শুধু কি করে টাকা বানানো যাবে, কি করে দুর্নীতি করা যাবে সেই দিকে তারা কাজ করেছে।
তিনি বলেন, আজকে দুর্ভাগ্য আমাদের যে এমন একটা সময় যখন এই সরকার সম্পূর্ণভাবে সবচেয়ে বেশি উচিত ছিল সমস্ত রাজনৈতিক দল সমস্ত শক্তিগুলোকে একখানে ডেকে আলোচনা করে এই ভয়াবহ একটা জাতীয় দুর্যোগ মোকাবেলার চেষ্টা করো। তারা যে সব পারবে সেটা বলছি না চেষ্টা করা। ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে কি করেছে? শুধুমাত্র একটা গ্রুপ অফ কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য দুর্নীতি করার জন্য তারা একটা গ্রুপকে ভ্যাকসিন আনার অনুমতি দিয়েছে।
মির্জা ফখরুল বলেন,আমরা আগেই বলেছি একটা সোর্স থেকে যেন ভ্যাকসিন না নেওয়া হয়। একটা ছোট থেকে ভ্যাকসিন নিয়েছে তাদের নিজেদের স্বার্থে এখন ভ্যাকসিন নেই। আমরা বলেছিলাম এটার সাথে চীন-রাশিয়া বিকল্প উৎস দেখা হোক। এতদিন পরে আজকে চীনের সাথে চুক্তি করতে যাচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/আরজে/এসএস