
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: কোভিড ১৯ করোনার টিকা নিতে এসে না পেয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তারা ভাংচুর চালিয়েছে করোনা টিকা কার্যক্রমের কক্ষ, তছনছ করেছে সামগ্রী। এসময় স্বাস্থ্য সহকারীরা দৌড়ে নিরাপদ কক্ষে আশ্রয় নেয়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার প্রথম ডোজের ১২হাজার টিকা নেয়ার সময় ফুরিয়ে যায় গত সোমবার। তবে ৫৭০ পিস টিকা থেকে যাওয়ায় ফের মাইকিং করা হয়। বুধবার বাকী টিকা নিতে জড়ো হয় হাজার হাজার মানুষ। ১ঘন্টার ভেতরে টিকা ফুরিয়ে যাওয়ায় তারা বিক্ষোভ ও ভাংচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয় । বাকবিতন্ডা আর হাতাহাতিতে কয়েকজন ইনজুরিতে পড়ে। দৌড়ে নিরাপদ কক্ষে আশ্রয় নেয় হয় বলে জানান স্বাস্থ্য সহকারী অপারেটর লিমা খাতুন।
শৈলকুপার ১২নং নিত্যানন্দনপুর গ্রামের ভান্ডালীপাড়া গ্রামের রিক্তা রানী, দ্বিপালী রানী, পূর্নিমা রানী জানান মাইকিং শুনে তারা বুধবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে এসেছিলেন। কিন্ত তারা সহ কয়েক হাজার নারী পূরুষ টিকা না নিয়ে ফিরে যেতে হচ্ছে। টিকা না পেয়ে জনতা টিকা কেন্দ্রের দরজা ভাঙচুর করে বলে জানান। হাসপাতালে আর কোন করোনার টিকা নেই বলে তাদের জানানো হয়েছে। কাতলাগাড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবির বিশ্বাস জানান, তিনি তার স্ত্রী নাদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে টিকা দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। টিকা না পেয়ে মানুষকে ফিরে যেতে হচ্ছে। অথচ মাইকিং করা হয়েছিল বুধবার প্রথম ডোজের শেষ দিন। টিকাদান কেন্দ্রের স্বেচ্ছাসেবী রিয়া খাতুন, তাজুল বিশ্বাস, আনসার সদস্য মিথুন হাসান ও মেহেদী হাসান জানান রেজিষ্ট্রেশনের কাগজ হাতে নিয়ে বুধবার সকাল থেকে কয়েক হাজার নারী পূরুষ করোনার টিকা নিতে আসে স্বাস্থ্য কমপ্লেক্সে। সকালে বেশ কিছু টিকা দেওয়ার পরে তারা জানতে পারেন আর কোন টিকা অবশিষ্ট নাই। পরে টিকা নিতে আসা জনতা টিকাদান কেন্দ্রের দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে তাদের উপর হামলা করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করেন।
ভিন্নবার্তা ডটকম/এন