
বর্তমান সরকারকে গণবিরোধী আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মিথ্যাচার করছে। একাত্তরের ৭ মার্চ ও জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা সঠিক নয়। বর্তমান সরকার মেগা প্রজেক্টের নামে সব লুটে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
১৯৭১ সালের ৯ মার্চ পল্টন ময়দানে মওলানা ভাসানীর জনসমাবেশকে স্মরণ করতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার এই আলোচনা সভা হয়।
১৯৭১ সালের ৯ মার্চ পল্টন ময়দানে বিশাল জনসমাবেশ করেছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেখান থেকে ১৪ দফার ভিত্তিতে আন্দোলনের ডাক দেন তিনি। দিনটি স্মরণ করতে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। যেখানে মওলানা ভাসানীর জীবনের নানান দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একদিনে, একজনের ভাষণে স্বাধীনতা আসেনি—এই কথাটাই আমরা বারবার বলতে চেয়েছি। আমাদের সেই বক্তব্যের পরে সরকার প্রধান ক্ষিপ্ত হয়ে অনেক কথা বলেছেন, যেটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। কেনো এই মিথ্যাচার? এর কারণটা কী? একটাই কারণ এখানে শুধু তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যকে চরিতার্থ করতে চায়, তাদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে চায় যে, একজন মাত্র ব্যক্তি তাঁর একক ঘোষণায়, তাঁর একক কথায় দেশ মুহূর্তের মধ্যে স্বাধীন হয়ে গেছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে কোনো একজন বললেন যে, ২৫/২৬ মার্চ ….। এটা হাস্যকর, এটা হাস্যকর ছাড়া কিছু নয়। এটা কেউ বিশ্বাস করবেন না এজন্যে যে, দেখা যায় যে, উনি এমন সমস্ত কথা বলেন, যার ঐতিহাসিক প্রমাণ তিনি দেখাতে পারেন না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো নেতাকে ছোট করার জন্য নয় বা কাউকে বড় করার জন্য নয়। আমরা আমাদের স্বাধীনতাতে যার যার যে অবদান আছে, সেই অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আজকে সেজন্যে আপনাদের (ক্ষমতাসীন সরকার) শরীরে গাত্রদাহ শুরু হয়েছে। আপনারা বিভিন্ন রকমের অসংলগ্ন কথা-বার্তা বলছেন, অপ্রকৃতিস্থ কথা-বার্তা বলছেন যেগুলোর সঙ্গে সত্যের কোনো চিহ্নমাত্র নেই।
আওয়ামী লীগের অবদানের কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, অবশ্যই, আপনাদের অবদান আছে। অবশ্যই, বিরাট বিরাট অবদান আছে। ১৯৭১ সালে আপনাদের যে অবদান সেই অবদান কেউ কোনোদিন আমরা অস্বীকার করি না। একই সঙ্গে আপনারা যখন মূল নায়কের অবদানটাকে অস্বীকার করেন সেটাকেও আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। আমি আগেও বলেছি, শহীদ জিয়ার খেতাব তুলে নেবেন। নিন। কে খেতাব পেল কী পেল না তাতে কিছু আসে যায় না শহীদ জিয়ার। তিনি এদেশের মানুষের অন্তরে রয়েছেন।
মির্জা ফখরুল বলেন, এই সরকার একটা গণবিরোধী সরকার। তারা ইতিহাসকে বিকৃত করছে। এই সরকার গণমানুষের ওপর নিপীড়ন-নির্যাতন করে এদেশকে একটা স্বৈরতান্ত্রিক দেশে পরিণত করেছে। এই অবস্থা থেকে উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি একজন কিংবদন্তির নায়ক। উনার নামের মধ্যে ম্যাজিক্যাল বিষয় রয়েছে। তিনি আসামের নির্যাতিত কৃষকদের পক্ষে বিশেষ করে বাঙালি কৃষকদের পক্ষে আন্দোলন করতে ছুটে বেড়াতেন পুরো আসাম। সেই সময়ে আসামের ভাসানচর আছে, সেখানে তিনি ঘোড়া নিয়ে যেতেন। মানুষ দেখতো ভাসানী এই এখন এখানে, আবার ৫০ মাইল দূরে আরেক জায়গায়। সেই অগ্নিঝরা বক্তৃতা দিয়ে তিনি মানুষকে সংঘবদ্ধ করছেন, জমিদারদের বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ করছেন। সেই থেকে ভাসানচর থেকে তার নাম হয়েছে ভাসানী।
বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা ৭ মার্চ পালন করেছি। আওয়ামী লীগের গাত্রদাহ শুরু হয়েছে। আমরা অ্যাকশনে গিয়েছি, তারা রি-অ্যাকশন দিচ্ছে। প্রধানমন্ত্রী কী বলেছেন সেদিন? সেদিন সংস্কৃতি মন্ত্রণালয়ের একটি সরকারি প্রোগ্রামে তিনি বললেন, ৭ মার্চের ঘোষণাই স্বাধীনতার ঘোষণা। আর গতকাল তিনি আরেকটি তথ্য দিয়েছেন যে, জিয়াউর রহমান ২৫ ও ২৬ মার্চ মানুষ হত্যা করেছে। ইতিহাস যে কী পরিমাণে বিকৃত বা নিজের খেয়াল মতো বলা যায়, সরকারে আছে, যা ইচ্ছা বলা যায়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীর উত্তমের লেখা ‘লক্ষ প্রাণের বিনিময়ে : মুক্তিযুদ্ধ ১৯৭১’ গ্রন্থ থেকে উদ্ধৃতি তুলে ধরেন, যেখানে চট্টগ্রাম সেনানিবাসে একাত্তরের ২৫ মার্চ ২০ বালুচ রেজিমেন্টের সৈনিকদের এক হাজার বাঙালির হত্যাযজ্ঞের বর্ণনা। গ্রন্থে লেখা আছে, ওই সময়ে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়াউর রহমান ও ইপিআরের (ইস্ট পাকিস্তান রাইফেলস) মেজর রফিকুল ইসলাম উভয়ের বিদ্রোহের প্রস্তুতির কাজটি করছিলেন। অথচ আজকের সব পত্রিকায় আছে প্রধানমন্ত্রী বলে দিলেন, ২৫ ও ২৬ তারিখ জিয়াউর রহমান বাঙালি হত্যা করেছে। ২৬ তারিখ সকালে তিনি (জিয়াউর রহমান) ছিলেন পটিয়ার একটি পাহাড়ে, ক্যাম্প করেছেন মুক্তিযুদ্ধের সূচনা করার জন্য। তারপরে কালুরঘাট বেতার কেন্দ্রে এসে প্রথম তিনি নিজের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেন এবং ২৭ তারিখ সকালে তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেন। এটা তো ইতিহাস। জিয়াউর রহমান যদি জনগণের কাছে বন্দি থাকেন তাহলে এসব কাজ করলেন কী করে? আজকে দুঃখজনক ৫০ বছর পরে আমাদের এই ধরনের (বিকৃত) ইতিহাস শুনতে হচ্ছে।
জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার বলেন, স্বাধীনতা একদিনের কারো একক প্রচেষ্টায় আসেনি। তাই কেউ এককভাবে স্বাধীনতার কৃতিত্ব দাবি করতে পারে না। ৯ মার্চে পল্টন ময়দানের সমাবেশ থেকে ভাসানী ইয়াহিয়া খানকে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এই স্বাধীনতা কৃষক-শ্রমিক-ছাত্র-জনতা-কামার-কুমারসহ সব বাঙালির ঐক্যবদ্ধ আন্দোলন-মুক্তিযুদ্ধের ফসল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, একাত্তরের এই দিনে (৯ মার্চ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু করার জন্য পল্টন ময়দানে আহ্বান জানিয়েছিলেন। তিনি জনসমক্ষে এভাবে স্বাধীনতার বিষয়টা তুলে ধরার প্রথম ব্যক্তি। ভাসানী ছিলেন আন্দোলনের জাদুঘর। ১৯৬৮ সালে তিনি তখনকার ১৯টি জেলায় ডিসি অফিস ঘেরাও আন্দোলনের নেতৃত্ব দেন, সেখানে আমিও ছিলাম।
ভিন্নবার্তা ডটকম/এন