
আওয়ামী লীগের দুপক্ষ একই সময় ও স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।বগুড়ার সোনাতলা উপজেলার মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা আহবান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই স্কুল মাঠে সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সভা, সমাবেশ আয়োজন বন্ধ করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন জানান, সরকারি দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান একই সময় ও স্থানে সমাবেশের ডাক দেওয়ায় সহিংসতার আশংকা দেখা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোনাতলা উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, আগামী ১৩ মার্চ সোনাতলা উপজেলায় আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মিনহাদুজ্জামান লিটন সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা আহ্বান করেন।
অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন একই সময়ে সেখানে ওই ইউনিয়ন আওয়ামী লীগের পাল্টা বর্ধিত সভার আয়োজন করেন। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই মাঠ ও আশপাশের ৪০০ গজ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আওয়ামী লীগের দুপক্ষ একই সময় ও স্থানে পাল্টাপাল্টি বর্ধিত সভা আহ্বান করায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। চেয়ারম্যান পক্ষ দূরে কোনও স্কুল মাঠে তাদের বর্ধিত সভা করেছেন। ভাইস চেয়ারম্যান পক্ষ কোথায় সভা করবেন তা জানা যায়নি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই