
কথা কাটাকাটির জের ধরে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নিজামুল ইসলাম খান অথেলকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর নিজামুল হককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিজামুলের পরিবারের অভিযোগ, শনিবার বিকালে নিজামুল ইসলামের দ্বিতীয় পক্ষের ছোট ছেলে বাড়ির পাশে একটি মাঠে ক্রিকেট খেলতে যায়। এ সময় অভিযুক্ত প্রতিবেশী হ্যাপির ছেলেও সেখানে খেলাধুলা করছিল। এ সময় দুই প্রতেবেশীর বাচ্চাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার জের ধরে রোববার বিকালে নিজামুল ইসলাম খান প্রতিবেশী হ্যাপির কাছে প্রতিবাদ করতে যান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। অথেল খানকে পিটিয়ে গুরুতর জখম করা হয় বলে পরিবারের সদস্যরা জানান। পরে গুরুতর অবস্থায় অথেল খানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরপরই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় তিনি অথেল খানের হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি করেন।
ঘটনার বিষয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ভিন্নবার্তা/এমএসআই