
ময়মনসিংহ অঞ্চলের বর্ষীয়ান আলেম আল্লামা আব্দুল হক ও তার প্রতিষ্ঠিত ময়মনসিংহ শহরে শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান (রহ:) মাদরাসাকে নিয়ে চলমান সকল ষড়যন্ত্র বন্ধ এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় নেত্রকোনা জেলা শহরের বারহাট্টা রোডস্থ হেফাজত চত্বরে সচেতন আলেম সমাজ ও ছাত্র জনতার ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের যুগ্ম আহবায়ক মাওলানা দেলাওয়ার হুসাইন, সচেতন আলেমসমাজ পক্ষ থেকে মাও শরিফ উদ্দীন তালুকদার, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাও মাজহারুল ইসলাম, জেলা ইসলামী এক্যজোটের আহবায়ক মাও আবু সায়েম খান, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম, শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমাদ্ শফী (রহ:) এর অন্যতম খলিফা মাওলানা আবুল বারী, জামিয়া মিফতাহুল উলুম মাদরাসার উস্তাদ মাওলানা নুরুল ইসলাম, জেলা ইসলামী যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মাও মুহাম্মদুল্লাহ নাঈম, সচেতন আলেমসমাজের হাফেজ হাবিবুর রহমান ও
মাও আব্দুল লতিফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিগত কয়েকদিন যাবত ময়মনসিংহ অঞ্চলের বর্ষীয়ান আলেম শায়খুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব এবং তার প্রাচীন প্রতিষ্ঠান জামিয়া ফয়জুর রহমান ( রহ.) নিয়ে নোংরা এবং ষড়যন্ত্র মূলক রাজনীতি শুরু হয়েছে। আমরা এই বায়োজ্যৈষ্ঠ্য আলেমের সম্মানহানির তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিছু কিছু রাজনৈতিক নেতার প্রভাব বিস্তার করতে দেখতে পাচ্ছি। নেত্রকোনার সকল আলেম সমাজ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বলবো অবিলম্বে পাঠদানের সুস্থ পরিবেশ ফিরিয়ে দিন এবং দল মতির ঊর্ধ্বে উঠে ছাত্রদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহবান জানিয়ে বলেন, আল্লামা আব্দুল হক সাহেব একজন দেশের বায়োজ্যেষ্ঠ আলেম, সারাদেশে হাজার হাজার ছাত্র রয়েছে, তিনি হযরত হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, তার অসংখ্য ভক্তবৃন্দ মুরিদান রয়েছে, তিনার মত একজন সহজ সরল আলেমকে নিয়ে ষড়যন্ত্রে ছাত্র শিক্ষক এবং আলেম সমাজ অনেক কষ্ট পেয়েছে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে ময়মনসিংহ জেলা প্রশাসককে এ বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ময়মনসিংহ বিভাগের ওলামায়ে কেরাম ময়মনসিংহে জামিয়া ফয়জুর রহমানের উদ্দেশ্য লংমার্চ করতে বাধ্য হবে।