
চাঁদপুরের শাহরাস্তিতে নওরোজ আফরিন প্রিয়া (২১) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোটপোদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রিয়া ছোটপোদ্দার বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তার শ্বশুরবাড়ি কুমিল্লায়। স্বামী হৃদয় চৌধুরী কুমিল্লায় চাকরি করেন। অহনা (২) নামে তার একটি মেয়ে আছে।
স্থানীয়রা বলেন, খবর পেয়ে আশপাশের লোকজন এসে প্রিয়ার মরদেহ তার শয়ন কক্ষের বিছানায় পড়ে থাকতে দেখতে পায়।
নিহতের মা রুমি আক্তার বলেন, প্রিয়ার মেয়ে আহনা অসুস্থ। তার জন্য ওষুধ আনতে পাশের বাড়িতে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে যাই। ওখান থেকে এসে দেখি আমার মেয়ে আর নেই। সারা ঘর রক্তে সয়লাব।
তিনি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। তার এতো বড় শত্রু আছে বলে জানি না।
প্রিয়ার একমাত্র ভাই পরশ বলেন, ওই সময় আমি বাসায় ছিলাম না। কী হয়েছে আমি জানি না। আপুকে কুমিল্লায় বিয়ে দেওয়া হয়েছে। দুলাভাই হৃদয় চৌধরী আমাদের এখানে ৫ দিন বেড়ানোর পর আপুকে রেখে কুমিল্লায় চলে যান।
স্থানীয়রা জানায়, পরকীয়া জনিত কারণে এমন ঘটনা হতে পারে। তবে এই পরিবারের সঙ্গে কারও পূর্ব শত্রুতা নেই। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। পুলিশ ঘটনাস্থলে আছে, তদন্ত চলমান। এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।
ভিন্নবার্তা/এমএসআই