
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিশুর কোমল মনে মা ও মেয়েদের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি, সংবেদনশীলতা, শ্রদ্ধা ও সম্মানবোধ জাগ্রত করার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে নারী দিবস নিয়ে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, নারীর জন্য বিনিয়োগ বাড়াতে হবে। এ বিনিয়োগ তার আর্থিক ক্ষমতা সৃষ্টি করবে এবং এর মাধ্যমে সিদ্ধান্তগ্রহণে নারী সক্ষমতা অর্জন করবে।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এবং মুখপাত্র সেহেলী সাবরীনকে ডিক্যাবের পক্ষ থেকে বিশেষ নারী দিবস সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু বক্তব্য দেন।
ভিন্নবার্তা ডটকম/এন