
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে এক বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫জন। দূর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়নী উপজেলার মাঝিগাতীতে এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি মাঝিগাতীতে পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসি বাসের চালক মুরাদ (৪৫) ঘটনাস্থলে নিহত হন। এসময় দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত আট জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দূর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর প্রায় এক ঘন্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে।