
বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সার্বিক ব্যবসায়িক এবং সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংক টেকসই রেটিং ব্যবস্থা চালু করেছে।
খেলাপি ঋণ, আয়, আর্থিক ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার, পরিবেশবান্ধব কার্যক্রমসহ ৪৯টি উপকরণের ভিত্তিতে তাদের রেটিং করা হবে। এর মধ্যে ওই রেটিংয়ের ভিত্তিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা কেন্দ্রীয় ব্যাংক প্রতিবছর প্রকাশ করবে। এজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এ বিষয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, রেটিংয়ের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে মোট ঋণের মধ্যে সবুজ অর্থায়ন, মোট ঋণের মধ্যে টেকসই ঋণ, মোট ঋণগ্রহীতার মধ্যে টেকসই ঋণগ্রহীতা, সবুজ অর্থায়নে ঋণগ্রহীতা এবং গ্রামীণ এলাকায় ঋণ বিতরণ করা ঋণের অংশ বিবেচনায় নেওয়া হবে।
এছাড়া আর্থিক অবস্থার মধ্যে খেলাপি ঋণের হার, নিট খেলাপি ঋণের হার, প্রভিশন সংরক্ষণের হার, ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ততা, ঝুঁকিপূর্ণ সম্পদের হার, তারল্য পরিস্থিতি, সম্পদ থেকে আয়, মূলধন থেকে আয়, নিট সুদ আয়, তারল্য ব্যবস্থাপনা, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়গুলো বিবেচনায় নেওয়া হবে।
সার্কুলারে বলা হয়, ওই রেটিং করার ক্ষেত্রে কর্মীপ্রতি বিদ্যুৎ, পানি, জ্বালানি, সৌরবিদ্যুতের ব্যবহারকেও আওতায় আনা হবে। গ্রাহক সেবার সন্তুষ্টির বিষয়টি থাকবে এতে। এর মধ্যে অনলাইন সেবা, অনলাইন শাখা, পুরুষ ও নারী কর্মীর অনুপাতও বিবেচনায় নেওয়া হবে।
এদিকে অপর এক সার্কুলারে বাণিজ্যিক ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য টেকসই অর্থায়ন নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, ওই নীতিমালা অবিলম্বে কার্যকর হবে।
এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ বিতরণের ক্ষেত্রে ঝুঁকি কমাতে বহুমুখী খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে সবুজ, পরিবেশবান্ধব শিল্প ও প্রকল্পে অর্থায়ন বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই