
দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মঙ্গলবার বলেন, আমাদের পরিকল্পনা আছে আর এক সপ্তাহ লকডাউন বাড়ানোর। কারণ দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চাকরিজীবীদের ঢাকায় রাখতে এবার ঈদের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তাই আগামীকাল ২৯ রমজান বুধবার অফিস খোলা থাকবে বলেও জানান তিনি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বৃহস্পতি বা শুক্রবার (১৩, ১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সাধারণত ২৯ রমজান থেকে ঈদুল ফিতরের ছুটি শুরু হয়। ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন- এই তিনদিন ছুটি থাকে। তবে রমজান মাস ৩০ দিনে হলে ঈদের ছুটি একদিন বেড়ে হয় চারদিন। সেই হিসাবে এবার বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১২, ১৩ ও ১৪ মে) এবং রমজান মাস ৩০ দিনে হলে ১৫ মেও (শনিবার) ছুটি থাকার কথা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বুধবার (১২ মে) থেকে ছুটি শুরু হচ্ছে না।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান এই বিশেষ পরিস্থিতিতে এই ছুটি দেয়া হচ্ছে। আমরা চাই না কেউ এখান (ঢাকা) থেকে বাইরে চলে যাক। তাই ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে সবাই ঢাকায় থেকে যায়। বুধবারও অফিস চলবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, আপনাদের কর্মীদের ঢাকায় রেখে দেন।’
তিনি বলেন, ‘এভাবে (গ্রামে) গেলে করোনা মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে। আমরা এই লক্ষ্যকে সামনে রেখেই ছুটি সাজিয়েছি, ছুটি সংক্ষিপ্ত করেছি। ঈদ যদি বৃহস্পতিবারও হয় অসুবিধা নেই।
ভিন্নবার্তা/এমএসআই