
বাণিজ্যিকভাবে বিমান পরিচালনা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় বিমান পরিবহন নিরাপত্তা এজেন্সি ইএএসএ (ইয়েসা)। কারণ হিসেবে তাদের পর্যবেক্ষণে এক টালমাটাল রাজনৈতিক অবস্থার ভেতর দিয়ে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের বিষয়টিকে বলা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) এই খবর জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাণিজ্যিকভাবে বিমানের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কাবুলের আকাশ পরিহার করার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। ২০ সেপ্টেম্বর বর্তমান সিদ্ধান্ত ও পরিস্থিতি বিবেচনা করে নতুন নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গত সোমবার (১৬ আগস্ট) আফগান আকাশ পরিবহন কর্তৃপক্ষও দেশটির আকাশপথ পরিহার করে চলতে বিমান পরিবহন সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছিল। কারণ, ওই সময় দেশটির আকাশপথ সামরিক বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয়েছিল।
এরইমধ্যে নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানের সঙ্গে সব ধরনের বিমান পরিবহন সেবা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, ২০ বছরের যুদ্ধ-সংঘাত শেষে গত রোববার (১৫ আগস্ট) ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় তালেবান। এরপরই নিজেদের নিরাপত্তা ভাবনায় দেশ ছাড়ার জন্য আফগানরা বেপরোয়াভাবে দেশটির হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে পড়ে।
ভিন্নবার্তা/এমএসআই