
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নির্বাচন ১৪ ফেব্রুয়ারি। দিনটি বিশ্ব ভালোবাসা দিবস হিসেবেই পরিচিত। ওই দিনে ইভিএম পদ্ধতিতে ওই এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে। যে কারণে ভোটাররা ভালোবাসার টিপ কার কপালে দিবে এ নিয়ে আলোচনা সর্বত্র।
মেয়র পদে মূলত আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীর মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা স্পষ্ট। তবে এই মুহূর্তে বিএনপিতে দুই ভাগ এবং উপজেলা ও পৌরসভাতে কোনো কমিটি না থাকায় সেই সুযোগটি আওয়ামী লীগ প্রার্থী ভালোভাবেই কাজে লাগাবেন বলে মনে করা হচ্ছে।
রবিবার যে কয়টি পৌরসভার তফসিল ঘোষণা করা হয় এর মধ্যে আখাউড়া রয়েছে। আখাউড়া পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন। ইভিএম পদ্ধতিতে এখানে ভোট হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানায়।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মূল আলোচনায় আছেন বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজল। তৃণমূলের বাছাইয়ে তাকজিল খলিফার পাওয়া ২০ ভোটের বিপরীতে ১৯ ভোট পেয়ে আলোচনায় চলে এসেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন রতন। তবে শেষ পর্যন্ত আইনমন্ত্রীর (স্থানীয় সংসদ সদস্য) আস্থাভাজন হিসেবে ও মন্ত্রীর সময়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করা, অনেককে চাকরি দেওয়ার বিষয়টি মনোনয়ন পেতে তাকজিল খলিফাকে এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া এবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়াসহ আরো তিনজন।
আখাউড়া উপজেলা বিএনপি এখন দুই ভাগে বিভক্ত। সাবেক ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন আব্দু ও বিএনপি নেতা আবুল ফারুক বকুল প্রার্থী হতে পারেন বলে এলাকায় আলোচনায় আছে। তবে বিএনপির নীতিনির্ধারকরা বিকল্প হিসেবে অন্য কাউকে বেছে নিতে পারেন বলেও মনে করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ