
করোনা মহামারির মধ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৭০০ গ্রাম সোনার বারসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ওই যাত্রীকে আটক করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা। আটক হওয়া যাত্রীর নাম মো. আলমাস আলী।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই যাত্রীকে তল্লাশি করে তাঁর কাছে ৩২টি সোনার বার পাওয়া যায়। জব্দ সোনার বারের ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। বাজারমূল্য প্রায় ২ কোটি ২২ লাখ টাকা। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের পক্ষ থেকে জানানো হয়, তাদের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করছিলেন। সকাল ৮টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রী মো. আলমাস আলীকে গ্রিন চ্যানেলে চ্যালেঞ্জ করা হয়। তাঁর ব্যাগ স্ক্যান করলে এর মধ্যে দুটি মিকশ্চার মেশিনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩২টি সোনার বার পাওয়া যায়।
ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ