
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনায় ০৮দফা দাবিতে নার্স ও মিডওয়াইফদের প্রতিকী শাট-ডাউন পালিত হয়েছে। রবিবার বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে নেত্রকোনা সদর হাসপাতালের সামনে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে জেলায় কর্মরত সকল নার্স,মিডওয়াইফ ও কর্মচারীরা অংশ নেন।
প্রতিকী শাট-ডাউন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনে সভাপতি ফাতেমা বেগম, সাধারণ সম্পাদক বিউটি রাণীসহ অন্যরা।
এ সময় তারা বলেন ,অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একিভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে। নার্সিং পেশার স্বাধীনতা ও মর্যাদা রক্ষার স্বার্থে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে স্বতন্ত্র রাখার বিকল্প নেই।
তারা সরকারের নিকট দাবি জানান নার্সদের প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব নার্সিং পেশার লোকদেরই হাতে রাখতে হবে। তাদের দাবী মানা না হলে আগামী ২ ডিসেম্বর থেকে কমপ্লিট শাট-ডাউন কর্মসূচী দেয়া হবে।