
‘পাখির আওয়াজ ও কলরব শুনতে মানুষ বাড়ির বাইরে অভয়াশ্রম তৈরি করে। খাঁচায় সকাল-সন্ধ্যা পাখির আসা-যাওয়ার দৃশ্য ও কিচিরমিচির শব্দ তাকে দেয় এক নৈসর্গিক অনুভূতি। নিজের অর্থ খরচ করে মানুষ পাখিকে দানা-পানি খাওয়ায়, আদর করে। আমার শখ একটু ভিন্ন। আমি ভালোবাসি বইপড়ুয়াদের। আমি বাড়ির বাইরে বইয়ের আলমারি স্থাপন করেছি। এখানে এসে পড়ুয়ারা বই পড়ে, জ্ঞানসমুদ্র থেকে মুক্তা আহরণ করে—আমার কাছে এটিকেই নৈসর্গিক অনুভূতি মনে হয়।’ সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আল অ্যারাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই নিজের শখের কথা বলছিলেন হাসান আল হুমাদা। পেশায় তিনি একজন শিক্ষক ও লেখক।
তিনি সৌদির পূর্বাঞ্চলীয় এলাকা কাতিফে মানুষকে পড়ার প্রতি আগ্রহী করতে অভিনব একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। বাড়ির বাইরের দেয়ালে কিছু দৃষ্টিনন্দন বইয়ের তাক ও আলমারি স্থাপন করে একটি ব্যতিক্রমী পাঠাগার গড়ে তুলেছেন। যে কেউ এখান থেকে বই নিয়ে পড়তে পারে আবার অন্যকে পড়ার সুযোগ করে দিতে সেও নিজের যেকোনো বই রেখে যেতে পারে এখানে।
আজ থেকে ২৩ বছর আগে হাসান আল হুমাদা তাঁর বাড়ির বাইরের দেয়ালে সর্বপ্রথম তাকটি লাগান। এখন তাঁর এই ‘দেয়াল পাঠাগার’ এই অঞ্চলে বই আদান-প্রদানের প্রসিদ্ধ একটি কেন্দ্র হয়ে উঠেছে। এখান থেকে মানুষ নিজের পছন্দের বই নিয়ে পড়ে এবং নিজের বইও অন্যদের পড়ার জন্য এখানে রেখে যায়। তিনি বলেন, “আমার উদ্দেশ্য মানুষের মনে পড়ার প্রতি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি করা। সমাজের সাধারণরাও যাতে বই এবং বইপড়ার সঙ্গে পরিচিত হতে পারে, আমার মূল লক্ষ্য সেটিই ছিল। আমি ১৯৯৭ সালে ‘উম্মাতু ইকরা’ শিরোনামে পড়ার প্রতি আগ্রহী হওয়া বিষয়ক একটি বই লিখি। তখন থেকে আমার মনে হয়, আমার এমন কিছু করা উচিত, যাতে সবাই খুব সহজেই হাতের নাগালে বই পায় এবং নিশ্চিন্তমনে তা পড়তে পারে।”
তিনি আরো বলেন, ‘বইপত্রের সঙ্গে সম্পর্ক গড়ার আমার এই পদ্ধতির সাফল্য কামনা করছি। দেয়াল পাঠাগারের এই ধারাবাহিকতা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক।’ এ বছর সৌদি আরবের ৯০তম জাতীয় দিবস উপলক্ষে এই পাঠাগারে অন্তত ৯০টি আলাদা ও নতুন বই যুক্ত করা হয়েছে বলেও তিনি জানান। সূত্র : আল অ্যারাবিয়া
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ