
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা। শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ৪২৯ পৃষ্ঠার রায়ের কপি হাতে পান তিনি।
রায়ের কপি হাতে পাওয়ার পরই উচ্চ আদালতে আপিল করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর।
রায়ের কপি নিয়ে আগামীকাল রোববার (০৪ অক্টোবর) সকালে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্নার চেম্বারে যাবেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে মিন্নির বাবার সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে বরগুনা আদালতে দায়িত্বে থাকা মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিন্নির বাবা রায়ের কপি হাতে পেয়েছেন। কপি পাওয়ার পরপরই তিনি ঢাকার উদ্দেশ্যে বরগুনা ছেড়েছেন। সময় স্বল্পতার কারণে রায়ে আদালত কি উল্লেখ করেছেন তা পড়তে পারিনি আমি। তবে আগামীকাল রোববার এ নিয়ে উচ্চ আদালতে আপিলের জন্য আবেদন করবেন বলে আমাকে বলেছেন মিন্নির বাবা।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯) ও আয়েশা সিদ্দিকা মিন্নি (১৯)। একই মামলায় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
ভিন্নবার্তা/এসআর