
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকারি আদেশে চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাইরে যাওয়া নিষিদ্ধ করাটা অমানবিক বলে আমরা মনে করি। সুচিকিত্সার জন্য প্রয়োজনে তিনি যাতে বিদেশে যেতে পারেন সে ব্যাপারে যে বিধি-নিষেধ, সেটা প্রত্যাহার করাটা মানবিক একটা কর্ম, এটা আমাদের দাবি।’
গতকাল বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, দলের নেতা হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, শাম্মী আখতার, ইয়াসমীন আরা হক প্রমুখ উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি এখন ঘরে থাকতে পারছেন, যদিও নানা বিধি-নিষেধের মধ্যে। একজন মানুষ তাঁর বয়স প্রায় ৭৬ বছর, দারুণভাবে অসুস্থ। তাঁর উন্নত চিকিৎসা নেওয়া দরকার।’
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ