
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একইসঙ্গে ওই ঘটনায় যথাযথ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কমিশন।
কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম আজ শনিবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।
কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যম সূত্রে জানা যায়, মসজিদের নিচে গ্যাস সংযোগ পাইপের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে তিতাস গ্যাসের গাফিলতির অভিযোগ রয়েছে।
এ প্রেক্ষিতে তিতাস, মসজিদ কমিটিসহ দায়িত্বশীলদের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা প্রয়োজন মর্মে মনে করে কমিশন। এ ঘটনার যথাযথ তদন্তক্রমে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ